লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবনলের আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান থেকে ছড়ানো হচ্ছে এক ধরনের গোলাপী পাউডার জাতীয় পদার্থ। এর মধ্যেই শহরটির ঘরবাড়ি, সড়ক ও গাড়ি ঢাকা পড়েছে লাল-গোলাপি এই গুঁড়ায়।
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল শুরুর পর থেকে প্রায়ই দেখা যাচ্ছে এ দৃশ্য। আগুনের বিস্তার রোধে বিমান থেকে ছড়ানো হচ্ছে লাল- গোলাপি গুড়ো।
উপাদানটির নাম ফস-চেক। আগুন নিয়ন্ত্রণে ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফস-চেকের ব্যবহার হয়ে আসছে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিনিরাপত্তা বিভাগও দীর্ঘদিন ধরে আগুন নেভানোর প্রধান উপাদান হিসেবে এটা ব্যবহার করছে।
বার্তা সংস্থা এপি ২০২২ সালে এক প্রতিবেদনে বলেছিল, বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফস-চেক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে গাড়ি ও রাস্তাঘাটে গোলাপি রঙের গুঁড়ার আস্তর পড়ে থাকতে দেখা গেছে।
ফস চেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেরিমিটারের পক্ষ থেকে বলা হয়, এই গুঁড়া যত শুকিয়ে যাবে, পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে। এক্ষেত্রে গরম পানি ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে এটা উঠিয়ে ফেলা সম্ভব বলে উল্লেখ করা হয়।
তবে ফস-চেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। জলাশয়ের মাছ মেরে ফেলে। যুক্তরাষ্ট্রের বন পরিষেবা জলপথ ও বিপন্ন প্রজাতির আবাসস্থলের মতো পরিবেশগত সংবেদনশীল এলাকায় আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফস-চেকের ব্যবহার বাধ্যতামূলকভাবে নিষিদ্ধ করেছে। তবে যখন মানুষের জীবন কিংবা জননিরাপত্তা হুমকির সম্মুখীন হলে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না।

0 মন্তব্যসমূহ